আগরতলা, ৩০ জুলাই: যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন রেললাইন এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মিঠুন ঘোষ (৩৫)। তিনি স্থানীয় এক তরুণ ব্যবসায়ী বলে জানা গেছে। তাঁর পিতা নান্টু ঘোষ।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার আগরতলা থেকে শিলচরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মিঠুন ঘোষের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও, কী কারণে এমন চরম সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যরাও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।ঘটনার পর এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার খবর দেওয়ার পরও পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। তাঁদের দাবি, প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।এই ঘটনায় যোগেন্দ্রনগর এলাকায় শোকের আবহ নেমে এসেছে। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের অভিযোগ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
যোগেন্দ্রনগরে ট্রেনের নিচে যুবকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্বের অভিযোগ
