মোহনপুর, ৩০ জুলাই: সিধাই-মোহনপুর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র এক বছরের শিশুকন্যা এলিজা দেববর্মা। বিষাক্ত শামুক খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় শিশুটি একটি শামুক মুখে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এত অল্প বয়সে শিশুটির মৃত্যু সকলকেই মর্মাহত করেছে।ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়দেরও শিশুদের নিরাপত্তা ও নজরদারির বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ সিধাই-মোহনপুর
