Headlines

মহিলা সংরক্ষণ বিলের দাবিতে দিল্লিমুখী ত্রিপুরা মহিলা কংগ্রেস, ২১ জুলাই যন্তর মন্তরে বড় কর্মসূচি

আগরতলা, ১৫ জুলাই: সংসদে দীর্ঘদিন ধরে আলোচিত মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাসের দাবিতে এবার রাজপথে নামছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বৃহত্তর আন্দোলনে অংশ নিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীতে যাবে।বুধবার আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।তিনি বলেন, দেশের রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মহিলা সংরক্ষণ বিলের দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই আসন্ন সংসদ অধিবেশনেই বিলটি পাস করার দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস।সর্বাণী ঘোষ চক্রবর্তীর বক্তব্য, শুধু বিল পাস করাই নয়, তা কার্যকর করার ক্ষেত্রেও কেন্দ্র সরকারের সদিচ্ছা প্রয়োজন। তিনি দাবি করেন, দেশের কোটি কোটি নারীর দীর্ঘদিনের এই প্রত্যাশা আর বিলম্বিত হওয়া উচিত নয়।তিনি আরও জানান, ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী প্রতিনিধি দল দিল্লিতে এই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের নারীদের দাবিও তুলে ধরবে। সংগঠনের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলা প্রতিনিধিদের উপস্থিতিতে এই আন্দোলন আরও জোরালো হবে এবং সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেত্রীও উপস্থিত ছিলেন এবং নারী ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির পক্ষে তাঁদের মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *