বিশালগড়ের নেতাজিনগর এলাকায় বাড়িতে চুরির ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে সোমবার গভীর রাতে বিশালগড় এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের ছবি বা ফুটেজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।সোমবার দুপুরে পাঁচ অভিযুক্তকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বাবুল দাস ঘটনার বিস্তারিত তুলে ধরেন।ওসি জানান, চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে মূল পরিকল্পনাকারী কে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ না করলেও, খুব শিগগিরই এই চক্রের আরও সদস্য এবং মাস্টারমাইন্ডকে আইনের জালে আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
বিশালগড়ে চুরির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, মিলল গুরুত্বপূর্ণ সূত্র
