বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনশ্রী চৌধুরীর বাড়িতে পৌঁছে পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে হাপানিয়া চৌমুহনী পাড়ায় মনশ্রীর বাড়িতে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।এই সফরে তাঁর সঙ্গে ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, পশ্চিম জেলা কমিটির সদস্য সৃজন দেব, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব, হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশীষ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।পরিবারের কাছ থেকে মনশ্রীর চিকিৎসা, আর্থিক সংকট এবং বর্তমান পরিস্থিতির কথা শোনেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার জন্য সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।মনশ্রীর পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বিরল রোগের সঙ্গে লড়াই করছে শিশুটি। উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এলাকাবাসীর আশা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এলে ছোট্ট মনশ্রীর চিকিৎসার পথ আরও সহজ হবে এবং সে দ্রুত সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।
বিরল রোগে লড়ছে ছোট্ট মনশ্রী, পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী
