আগরতলা, ১২ জুলাই: আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, যুব সমাজের ভূমিকা এবং রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের মাসিক রাজ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে আগরতলার কংগ্রেস ভবনে। রবিবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুব নেতৃত্বরা অংশ নেন।সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ সংগঠনের রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতা।বৈঠকে সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি তৃণমূল স্তরে যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, জনসংযোগ বৃদ্ধি এবং যুব সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিক আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়।সভায় বক্তারা বলেন, যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা, কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের প্রশ্নে যুব কংগ্রেস আরও সক্রিয় ভূমিকা পালন করবে। সংগঠনের প্রতিটি স্তরে কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনমুখী কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।সভা শেষে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কর্মসূচি আরও বিস্তৃত করা হবে এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যুব কংগ্রেস ধারাবাহিকভাবে সোচ্চার থাকবে।
আরও শক্তিশালী করার বার্তা, কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের রাজ্য কার্যনির্বাহী সভা
