ফুলবাড়ীকান্দি, ১৩ জুলাই: দীর্ঘদিনের দুর্ভোগ আর অবহেলার প্রতিবাদে এবার রাস্তায় নেমে এলেন ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন স্থানীয় মানুষ।অবরোধের ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, অফিসগামী কর্মী, রোগীবাহী যানসহ সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটে। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ে সাধারণ যাত্রীদের।স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।বাসিন্দাদের দাবি, বর্ষাকালে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। বড় বড় গর্ত, কাদা এবং ভাঙাচোরা অংশের কারণে দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। শিশু, বয়স্ক এবং রোগীদের যাতায়াত সবচেয়ে বেশি কষ্টকর হয়ে উঠেছে।আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু মৌখিক আশ্বাস নয়, রাস্তা সংস্কারের কাজ শুরুর সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত সমস্যার গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাবে।
দুই বছরের বেহাল রাস্তার ক্ষোভে অবরোধ, ফুলবাড়ীকান্দির বাসিন্দাদের আন্দোলন
