শনিবার সকালে তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতের নাম মলেন দেববর্মা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও রেলস্টেশন এলাকার দোকানিরা দোকান খুলতে এসে একটি দোকানের খোলা ছাউনির নিচে মলেন দেববর্মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই এলাকায় হৈচৈ পড়ে যায়। পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মৃতের ভাই জানান, মলেন দেববর্মা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। তার প্রাথমিক ধারণা, নেশাজনিত কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। বর্তমানে মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।
তেলিয়ামুড়া রেলস্টেশনে উদ্ধার যুবকের মৃতদেহ, মৃত্যু ঘিরে রহস্য
