Headlines

জিবি হাসপাতালে সিনিয়র চিকিৎসকের সঙ্গে ঘটনার প্রতিবাদ, ৫ দফা দাবিতে RDA-র অবস্থান

হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে যদি চিকিৎসকরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাঁদের কর্মপরিবেশ নিয়ে। জিবি হাসপাতালে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এবার সরব হলেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা।মেডিসিন ওপিডিতে কর্তব্যরত ওই চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে RDA। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে ৫ দফা দাবিসম্পন্ন স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।RDA-র দাবির মধ্যে রয়েছে—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও সরিয়ে ভুল তথ্যের জন্য সংশোধনী ও ক্ষমা প্রার্থনা, চিকিৎসকের বক্তব্য না শুনে চলা কথিত মিডিয়া ট্রায়াল বন্ধ করা এবং চিকিৎসকের পেশাগত সম্মান ও মর্যাদা রক্ষা করা।এছাড়াও হাসপাতালের ওয়ার্ড ও ওপিডি-সহ রোগী পরিষেবা এলাকায় অনুমতি ছাড়া ছবি বা ভিডিও করা বন্ধ করা, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছে সংগঠনটি।বিশেষ করে হাসপাতাল চত্বরে থাকা SIS নিরাপত্তারক্ষীদের পরিবর্তে TSR জওয়ান মোতায়েন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।RDA-র বক্তব্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যাতে ভয় বা চাপের মধ্যে নয়, নিরাপদ পরিবেশে রোগীদের পরিষেবা দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এখন প্রশাসন এই দাবিগুলির বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *