রেশমের ঐতিহ্য, কারুকাজ আর দেশজ তাঁতশিল্পকে সামনে রেখে আগরতলায় শুরু হলো সিল্ক মার্ক এক্সপো-২০২৬। বুধবার পূর্বাশা আরবান হাটে আনুষ্ঠানিকভাবে এই পাঁচ দিনের এক্সপোর উদ্বোধন করেন হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে দেশের বিভিন্ন প্রান্তের খাঁটি সিল্কের সামগ্রীর পাশাপাশি ত্রিপুরার ঐতিহ্যবাহী রেশম ও তাঁতজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অজিত শুক্লা দাস, SMOI-এর সিইও ড. নরেশ বাবু এন, দপ্তরের স্পেশাল সেক্রেটারি কুন্তল দাস-সহ অন্যান্য আধিকারিক ও অতিথিরা।উদ্বোধনের পর অতিথিরা ঘুরে দেখেন থিম প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল। পাঁচ দিন ধরে চলা এই এক্সপোতে রেশমপ্রেমী ও ক্রেতাদের জন্য থাকবে নানা ধরনের সিল্কের সামগ্রী দেখার ও কেনার সুযোগ। একইসঙ্গে রাজ্যের ঐতিহ্যবাহী তাঁত ও রেশমশিল্পও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ মিলছে এই আয়োজনে।
আগরতলায় জমজমাট সিল্ক মার্ক এক্সপো, এক ছাদের নিচে দেশের নানা প্রান্তের রেশম
