আগরতলা: বহু বছর ধরে শিক্ষাদানের অভিজ্ঞতা নিয়ে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসা সিনিয়র শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষার দাবিতে আগরতলার রাজপথে একত্রিত হলেন শতাধিক শিক্ষক। TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিক্ষক মিছিল ও সমাবেশে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকারা।মিছিল থেকে শিক্ষকদের মূল দাবি ছিল, কেন্দ্র সরকার যেন অর্ডিন্যান্স জারি করে দীর্ঘদিন কর্মরত সিনিয়র শিক্ষকদের টেট (TET) পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়। তাঁদের বক্তব্য, বছরের পর বছর শ্রেণিকক্ষে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা শিক্ষকদের আবার নতুন করে যোগ্যতার পরীক্ষার মুখোমুখি করা তাঁদের পেশাগত মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ.বি. রোড)-এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, এই আন্দোলন শুধু টেট থেকে অব্যাহতির জন্য নয়, বরং শিক্ষকদের সম্মান, অভিজ্ঞতার মূল্যায়ন এবং পেশাগত মর্যাদা রক্ষার আন্দোলন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে যথাযথ স্বীকৃতি দিয়ে একটি মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।
‘অভিজ্ঞতার মূল্য দিন, টেটের বোঝা নয়’— সিনিয়র শিক্ষকদের দাবিতে আগরতলায় ঐক্যবদ্ধ শিক্ষক সমাজ
