দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না STGT ২০২২ সালের পরীক্ষার্থীদের একাংশ। পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ফের সরব হলেন বেকার যুবক-যুবতীরা।নিজেদের দাবি নিয়ে আজ আবারও শিক্ষা ভবনে উপস্থিত হন তাঁরা। STGT-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদানের পরিকল্পনা থাকলেও তিনি উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দীর্ঘদিনের অপেক্ষা, উদ্বেগ এবং দাবি-দাওয়ার কথা তুলে ধরেন পরীক্ষার্থীরা।তাঁদের আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। কর্মসংস্থানের আশায় থাকা এই যুবক-যুবতীদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা—দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট দিশা পাওয়া।
STGT ২০২২-এর ফল ও নিয়োগের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন পরীক্ষার্থীরা
