Headlines

দুই বছর ধরে কার্পেটে বসেই পড়াশোনা! হীরাপুর হাইস্কুলে পরিকাঠামোর সংকটে ক্ষুব্ধ অভিভাবকরা

উদয়পুর, ২২ জুলাই: আধুনিক শিক্ষার যুগেও শ্রেণিকক্ষে বেঞ্চে নয়, কার্পেট পেতে মেঝেতে বসেই পড়াশোনা করতে হচ্ছে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের। গোমতী জেলার উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলের এই চিত্র সামনে আসতেই শিক্ষা পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।সরেজমিনে দেখা যায়, ৩৩ জন ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রী প্রতিদিন মেঝেতে বসেই ক্লাস করছে। প্রায় ২০০ জন পড়ুয়া ও ১০ জন শিক্ষক থাকা সত্ত্বেও বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা নন্দী জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবেই গত প্রায় দুই বছর ধরে এই ব্যবস্থা চালু রয়েছে। বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হওয়ায় এবং ‘নিপুণ ত্রিপুরা’ কর্মসূচির আওতায় ছোট শ্রেণির পড়ুয়াদের একই কক্ষে মেঝেতে বসিয়ে পড়ানো হয়। পরে সেই কক্ষেই ষষ্ঠ শ্রেণির ক্লাস হওয়ায় প্রতিদিন বেঞ্চ সরিয়ে নতুন ব্যবস্থা করা সম্ভব হয় না। অতিরিক্ত শ্রেণিকক্ষের জন্য একাধিকবার আবেদন জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি বলে দাবি তাঁর।এদিকে, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশের জন্য অনুমতি প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান শিক্ষিকা। তবে এ বিষয়ে গোমতী জেলার শিক্ষা অধিকর্তা সুবীর মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও নির্দেশ তাঁর দপ্তর থেকে জারি করা হয়নি।বিষয়টি জানার পর শিক্ষা অধিকর্তা অবিলম্বে প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করেন এবং আগামী কার্যদিবস থেকেই ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পৃথক শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা করার নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের আশা, দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *