আগরতলা, ২০ জুলাই: শোকে স্তব্ধ ত্রিপুরা পুলিশ। মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মরদেহ সোমবার জিবি হাসপাতালের মর্গ থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।মরদেহ বাসভবনে পৌঁছাতেই পরিবারের সদস্যরা শেষবারের মতো তাঁকে দেখতে এগিয়ে আসেন। স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। সেই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদেরও আবেগাপ্লুত করে তোলে।বাসভবনে প্রয়াত পুলিশ প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, প্রশাসনের বিভিন্ন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের নানা স্তরের মানুষ। একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণে গোটা রাজ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর দীর্ঘ কর্মজীবন, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের কথা স্মরণ করছেন সহকর্মী থেকে সাধারণ মানুষ। শেষ বিদায়ের এই আবেগঘন মুহূর্তে অনেকের চোখই ছিল অশ্রুসজল।
শেষবারের মতো ঘরে ফেরা… ডিজিপির মরদেহ বাসভবনে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী
