জাতীয় সড়কের এমন অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। অনেকেরই কটাক্ষ—”গ্রামীণ রাস্তাও এর চেয়ে ভালো!” মুঙ্গিয়াকামি বাজার থেকে চামলছড়া পর্যন্ত জাতীয় সড়কের বেহাল দশা এখন প্রতিদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, উঠে যাওয়া পিচ এবং অসমতল অংশে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির জলে গর্ত ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। বাইক আরোহী থেকে শুরু করে ছোট-বড় সব ধরনের যানবাহনের চালকদের অভিযোগ, এই পথে চলাচল এখন যেন এক বড় চ্যালেঞ্জ।স্থানীয় বাসিন্দাদের দাবি, অতীতে একাধিকবার এই সড়কের সংস্কার হলেও খুব অল্প সময়ের মধ্যেই আবারও রাস্তা ভেঙে পড়েছে। তাই নিম্নমানের কাজ হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি তুলেছেন তাঁরা।এলাকাবাসীর বক্তব্য, এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ, পণ্যবাহী যান এবং জরুরি পরিষেবার গাড়ি এই পথ ব্যবহার করে। তাই দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।এখন দেখার বিষয়, সাধারণ মানুষের এই দীর্ঘদিনের অভিযোগের পর প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
‘এটা জাতীয় সড়ক, না গ্রামীণ রাস্তা?’ মুঙ্গিয়াকামি-চামলছড়া সড়কের বেহাল দশায় ক্ষোভ
