Headlines

কর্মসংস্থান, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থান

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবাসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম) সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। শনিবার সিপাহীজলা জেলার সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনী এলাকায় সংগঠনের মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, রাজ্যের প্রতিটি পরিবারকে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সরকারি উদ্যোগে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে চালু করা, তপশিলি জাতিভুক্তদের সরকারি চাকরিতে বিশেষ সুবিধা নিশ্চিত করা এবং জনগণনার কাজ দ্রুত সম্পন্ন করা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, রাজ্যে কর্মসংস্থানের অভাবে বহু যুবক-যুবতী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতিও সংকটের মুখে পড়েছে।এছাড়াও তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।এদিনের গণ-অবস্থান কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেওয়ার পাশাপাশি দ্রুত দাবি পূরণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *