আগরতলা, নিজস্ব প্রতিনিধি: জনগণনা শুধু পরিসংখ্যান নয়, ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি—এই বার্তাই তুলে ধরে নিজেই অনলাইনে জনগণনার তথ্য নথিভুক্ত করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর এই উদ্যোগকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।অনলাইন ব্যবস্থার মাধ্যমে নিজের তথ্য নথিভুক্ত করার সময় রাজ্যপাল জনগণনার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, প্রতিটি নাগরিকের সঠিক তথ্য সরকারের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। কারণ, এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, অবকাঠামো ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনা আরও কার্যকরভাবে গ্রহণ করা সম্ভব হয়।রাজ্যপাল সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অথবা নির্ধারিত পদ্ধতিতে জনগণনার তথ্য সঠিকভাবে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সফল জনগণনা সরকারের পাশাপাশি নাগরিকদেরও যৌথ দায়িত্ব।সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, জনগণনা প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইন নিবন্ধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যপালের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে জনগণনা সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলেও তারা আশা প্রকাশ করেন।
নিজেই অনলাইনে জনগণনার তথ্য দিলেন রাজ্যপাল, নাগরিকদের এগিয়ে আসার আহ্বান
