বিশালগড়, ১৬ জুলাই: সকালবেলা মায়ের কাজে যাওয়ার সময় হয়তো ছোট্ট ইসমাইলের মনে ছিল না কোনো দুশ্চিন্তা। প্রতিদিনের মতো খেলাধুলায় মেতে ছিল সে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই হাসি থেমে যায় চিরতরে। সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় মামার বাড়িতে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আড়াই বছরের শিশু ইসমাইল হোসেনের।পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা শর্মিলা বেগম একজন নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। পারিবারিক কারণে তিনি গত প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতেই বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজে বের হওয়ার আগে ছেলেকে পরিবারের সদস্যদের কাছে রেখে যান।অভিযোগ, বাড়ির আঙিনায় খেলতে খেলতে একসময় সবার অগোচরে পুকুরের দিকে চলে যায় ইসমাইল। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকাজুড়ে। প্রতিবেশীদের অনেকেই বলেন, কিছুক্ষণ আগেও যে শিশুটি হাসি-খুশি খেলছিল, তার এমন পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে ছোট শিশুদের প্রতি সর্বক্ষণ নজর রাখা কতটা জরুরি। একটি মুহূর্তের অসাবধানতাই কখনও কখনও সারাজীবনের অপূরণীয় বেদনার কারণ হয়ে দাঁড়ায়।
এক মুহূর্তের অসাবধানতা, নিভে গেল আড়াই বছরের প্রাণ! কদমতলীতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
