আগরতলা, ১৫ জুলাই: ভক্তদের প্রতীক্ষার অবসান। আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আবহে মুখর হয়ে উঠবে রাজধানী।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের রথযাত্রার শুভ সূচনা করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আরও বহু বিশিষ্ট অতিথি।রথযাত্রার পর জগন্নাথদেবের রথ সাত দিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবে। এই সময়জুড়ে চলবে রথের মেলা, আধ্যাত্মিক নাটক, ভজন, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি। প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে।আগামী ২৪ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল ভক্ত ও রাজ্যবাসীকে রথযাত্রায় অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে। তাঁদের আশা, এই উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তাও ছড়িয়ে দেবে সমাজের সর্বস্তরে।
আগরতলায় ইসকনের রথযাত্রা কাল, রাজ্যপালের হাত ধরে সূচনা; ৯ দিনজুড়ে ভক্তি ও উৎসবের আমেজ
