বাইখোড়া, ১৫ জুলাই: ভক্তি, আনন্দ আর উৎসবের আবহে আগামীকাল মুখরিত হতে চলেছে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া। শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির (ইসকন)-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব। ইতিমধ্যেই মন্দির চত্বরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।মন্দিরের অধ্যক্ষ শ্রী করুনেশ্বর মাধব দাস জানান, আগামী ১৬ জুলাই বিকেল ৩টায় রথের দড়ি টানার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে গোটা এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।এবারের রথযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথিবৃন্দ।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির কামনা করা হয়েছে। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এই মহোৎসবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে।আয়োজকদের আশা, প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ভক্তের সমাগমে বাইখোড়ার রথযাত্রা হয়ে উঠবে ভক্তি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক মিলনমেলা।
বাইখোড়ায় রথের দড়ি টানবেন বিপ্লব কুমার দেব, ভক্তদের ঢলের অপেক্ষায় ইসকনের রথযাত্রা
