কালাছড়া, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লক এলাকায় সিপিআই(এম)-এর একটি কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ১০ দফা দাবিতে বিডিও-র কাছে ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে দলের মিছিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছে সিপিআই(এম)। যদিও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।দলের দাবি, আইন অনুযায়ী ৭২ ঘণ্টা আগেই গণডেপুটেশন ও মিছিলের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, কালাছড়া অঞ্চল অফিস থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে একটি মিছিল ব্লক অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল বলে দাবি সংগঠনের।অভিযোগ, মিছিলটি কালাছড়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের এগিয়ে যেতে বাধা দেয়। এরপর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।সিপিআই(এম)-এর অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া অনভিপ্রেত এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার সামিল।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, জেলা কমিটির সদস্য শশাঙ্ক মজুমদার, অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিনসহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থক।
কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশি বাধা, উত্তপ্ত পরিস্থিতি ঘিরে শুরু বিতর্ক
