সোনামুড়া, ১০ জুলাই: গভীর জঙ্গলের মধ্যে অসহায় অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবককে উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোনামুড়া মহকুমায়। বর্তমানে যুবকটি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।জানা গেছে, সোনামুড়া থানার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু স্থানীয় বাসিন্দা জঙ্গলের ভেতরে এক যুবককে অচেতন ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠিকমতো খাবার না পাওয়া এবং জঙ্গলে পড়ে থাকার কারণে যুবকটি চরম অপুষ্টি ও শারীরিক দুর্বলতায় ভুগছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে পোকার সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডা. পার্থপ্রতিম দাস-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।চিকিৎসকদের মতে, যুবকটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও নিজের নাম-পরিচয় কিংবা কীভাবে ওই জঙ্গলে পৌঁছেছিলেন, সে সম্পর্কে কিছুই জানাতে পারছেন না।এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে মানবিক আবেদন জানিয়েছে। যদি কেউ যুবকটিকে চিনতে পারেন বা তাঁর পরিবার সম্পর্কে কোনও তথ্য জানেন, তবে অনুগ্রহ করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র অথবা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, পরিবারের সন্ধান মিললে যুবকটির উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা আরও সহজ হবে।
গভীর জঙ্গলে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক, পরিবারের খোঁজে আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের
