ত্রিপুরায় মাদকের বিরুদ্ধে চলা অভিযান ফের বড় সাফল্য এনে দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বুধবার গভীর রাতে সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আগরতলা এনসিবি (NCB)-এর নেতৃত্বে বিএসএফ, টিএসআর এবং সিধাই থানার পুলিশ একটি বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সেখানে ১২টি ড্রামে মজুত বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া গাঁজাগুলো সিধাই থানায় নিয়ে যাওয়া হয়।মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আশীষ দাসগুপ্ত জানান, বাজেয়াপ্ত গাঁজার মোট ওজন প্রায় ৫৭০ কেজি। ঘটনাস্থল থেকেই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। পুলিশের ধারণা, এই ঘটনার পেছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে। সেই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, রাজ্যে মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
রাতভর যৌথবাহিনীর অভিযান! সুরেন্দ্রনগরে ৫৭০ কেজি গাঁজা উদ্ধার, ধরা পড়ল এক অভিযুক্ত
