প্রায় ৪৭ দিন পর মঙ্গলবার পুনরায় খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই প্রশাসনের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি প্রণামী বাক্স ও সিন্দুক খুলে গণনার কাজ শুরু হয়। নির্ধারিত নিয়ম মেনে শুরু হওয়া এই প্রক্রিয়া দিনভর চলে এবং সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।প্রশাসনিক সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১৮ মে প্রণামী বাক্স খোলা হলে প্রায় ২০ লক্ষ ৫২ হাজার টাকা সংগ্রহ হয়েছিল। এবারও উল্লেখযোগ্য পরিমাণ প্রণামী জমা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গণনা সম্পূর্ণ শেষ হওয়ার পরই চূড়ান্ত অঙ্ক প্রকাশ করা হবে।গণনার সময় ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে। মন্দির কর্তৃপক্ষের মতে, এটি প্রমাণ করে যে মাতাবাড়ি শুধু দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদেরই নয়, বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের কাছেও সমানভাবে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।স্বচ্ছতা বজায় রাখতে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ সদস্যের একটি বিশেষ দল গণনার দায়িত্ব পালন করছে। পুরো প্রক্রিয়াটি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সম্পন্ন হচ্ছে।ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, সমস্ত নিয়ম মেনে গণনার কাজ পরিচালিত হচ্ছে এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে গণনা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে মোট প্রণামী এবং উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার পরিমাণ জানানো হবে।
৪৭ দিন পর খুলল মাতাবাড়ির প্রণামী সিন্দুক, গণনায় মিলল দেশি-বিদেশি মুদ্রা
