কমলাসাগর বিধানসভার ডুকলী ব্লকের ফুলতলী পঞ্চায়েতের গাবতলী এলাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে বেহাল অবস্থায় থাকা রায়েরমুড়া–গাবতলী বড়চতল–ঈশানচন্দ্রনগর–ফুলতলী হয়ে সেকেরকোট পর্যন্ত সংযোগকারী রাস্তাটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছিল। তবে হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তার ইটের সলিংয়ের কাজ চলাকালীন স্থানীয় বিজেপি কর্মী প্রসেনজিৎ ভৌমিক (ওরফে অনা)-এর হস্তক্ষেপে প্রায় ৩০০ মিটার রাস্তার নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তাঁদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এই প্রকল্পের কাজ শুরু হলেও তা মাঝপথে থেমে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির আশঙ্কা করছেন।এলাকাবাসীর বক্তব্য, বর্ষাকালে এই রাস্তা কাদা ও জলমগ্ন হয়ে পড়ে, ফলে স্কুলপড়ুয়া, রোগী, কৃষক এবং নিত্যযাত্রীদের চলাচলে ব্যাপক সমস্যা হয়। তাই দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, মহকুমা শাসক (এসডিএম) এবং ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, যাতে জনস্বার্থে রাস্তার কাজ পুনরায় শুরু করা যায়।
রাস্তার কাজ থমকে যাওয়ায় ক্ষোভ গাবতলীতে, স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ
