Headlines

বিয়ে বাড়ি থেকে আর ফেরা হলো না, স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল রতিমোহন ত্রিপুরার

দক্ষিণ ত্রিপুরার আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা রতিমোহন ত্রিপুরা (৩৭)-এর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সোমবার গভীর রাতে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যদের দাবি, সোমবার রাতে আভাংছড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের বাড়ি মায়াজয় পাড়ায় ফিরছিলেন রতিমোহন। পথে বৃষ্টির কারণে রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে থাকায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি টি আর–০৮ বি–৬১৭২ নম্বরের স্কুটি চালাচ্ছিলেন।জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে তাঁকে হাসপাতালে আনা হলেও তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে, রতিমোহন ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-এর সক্রিয় কর্মী ছিলেন। তাঁর শেষকৃত্যের আগে ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।এদিকে, এই দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশ এলাকার রাস্তার বেহাল অবস্থার বিষয়টি সামনে এনেছেন। তাঁদের অভিযোগ, বর্ষাকালে রাস্তার দুরবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। যদিও এই ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।রতিমোহন ত্রিপুরার অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *