এমজিএনরেগা (MGNREGA) প্রকল্প পুনরায় চালু, বকেয়া মজুরি পরিশোধ এবং ভিবিজি (VBG) বাণিজ্যিক প্রকল্প প্রত্যাহারের দাবিতে আগরতলার সিটি সেন্টার চত্বরে গণসমাবেশ করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটি।সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমজিএনরেগা প্রকল্পে কাজ না থাকায় গ্রামের অসংখ্য দিনমজুর ও দরিদ্র পরিবারের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে বলেও দাবি করেন তারা।সমাবেশে বক্তারা অবিলম্বে এমজিএনরেগা প্রকল্পে কাজ শুরু, শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ এবং ভিবিজি (VBG) বাণিজ্যিক প্রকল্প প্রত্যাহারের দাবি জানান। তাদের মতে, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।কর্মসূচিতে বক্তব্য রাখেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক শ্যামল দে। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।সমাবেশ শেষে আন্দোলনকারীরা সরকারের উদ্দেশে স্মারকলিপি প্রদানসহ দাবি পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এমজিএনরেগা চালুর দাবিতে আগরতলায় ক্ষেতমজুরদের গণসমাবেশ, VBG প্রকল্প প্রত্যাহারেরও দাবি
