রাজধানীর মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে আচমকাই আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুন পাশের বসতবাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়, ফলে অল্পের জন্য রক্ষা পায় এলাকার একাধিক বাড়িঘর।তবে ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ট্রান্সফরমারে আগুন লাগার পরই যুগেন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরে ফোন করে বিষয়টি জানানো হলেও সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট দেরি করেন। এতে আতঙ্ক আরও বেড়ে যায় বলে দাবি তাদের।আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনও ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিদ্যুৎ পরিকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা নিশ্চিত করতে হবে।
মলয়নগর বাইপাসে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন, বড় দুর্ঘটনা এড়াল ফায়ার সার্ভিস
