শান্তির বাজারে সাত সকালেই ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগতির রড বোঝাই বোলেরোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ শান্তির বাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, TR-08-D-1737 নম্বরের একটি রড বোঝাই বোলেরো গাড়ি এবং একটি মোটরবাইকের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে প্রথমে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম সুমন নন্দী (প্রায় ৩৫)। তিনি শান্তির বাজার পৌরসভার অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বোলেরো গাড়িটি আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল—তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।সকালের ব্যস্ত সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ফের একবার সড়ক নিরাপত্তা এবং বেপরোয়া গতির প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।
সাত সকালে শান্তির বাজারে রক্তাক্ত দুর্ঘটনা! রড বোঝাই বোলেরোর ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী
