অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মিল্টন কুমার আচার্য। তিনি বলেন, ভারতের সংবিধান নারীদের অধিকার রক্ষায় শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তবে শুধু আইন থাকলেই হবে না, সেই আইন সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, গার্হস্থ্য হিংসা, পণপ্রথা, মাতৃত্বকালীন সুবিধা, নারীর সম্পত্তির অধিকার এবং স্থানীয় স্বশাসিত সংস্থায় নারীদের সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন ও সাংবিধানিক বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।কলেজের অধ্যক্ষ ড. রাজ কুমার শ্রীবাস্তব অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং কলেজের সম্পাদক ড. বিষ্ণুপদ দাসের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান। এছাড়াও ড. ডি.পি. গৌতম, ড. সুশীল কুমার ও সহকারী অধ্যাপিকা মরিয়ম চক্রবর্তী নারীর অধিকার রক্ষা এবং আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান সমাজে নারীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ, আইনি প্রতিকার এবং সমঅধিকার প্রতিষ্ঠার নানা দিক উঠে আসে। ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হলেও, নারীর অধিকার রক্ষায় সচেতন সমাজ গঠনের বার্তাই ছিল পুরো অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।
জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি” শীর্ষক এই আলোচনায় অংশ নেন শিক্ষক, আইন বিশেষজ্ঞ এবং পড়ুয়ারা।
