আগরতলা, ২৭ জুন: আগরতলার নজরুল কলাক্ষেত্রে শনিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা। সমবায় ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত-সহ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য, কর্মকর্তা ও বিভিন্ন শাখার প্রতিনিধিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। এরপর ব্যাংকের গত এক বছরের কর্মকাণ্ড, আর্থিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহক পরিষেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, সমবায় ব্যাংক শুধু আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামীণ অর্থনীতি, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে প্রযুক্তিনির্ভর ও আরও জনমুখী পরিষেবা প্রদানের ওপরও জোর দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা, উন্নয়নের বার্তা মন্ত্রীদের
