কাঁঠালতলী এলাকার সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিম জেলা পুলিশ।ধৃতদের নাম রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অশান্তি ও অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়।পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। তদন্ত এখনও চলছে।সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারই জেরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এই গ্রেফতারির মাধ্যমে তদন্তে নতুন অগ্রগতি এল বলে মনে করা হচ্ছে।এদিকে অভিযুক্তদের গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী তদন্তে আরও কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
কাঁঠালতলী ভাঙচুর-অগ্নিকাণ্ডে পুলিশের জাল, গ্রেফতার ৪ অভিযুক্ত
