দীর্ঘদিন ধরে রাস্তার ধারে জমে থাকা আবর্জনার দুর্গন্ধ আর পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বাবুরবাজার থেকে হীরাছড়া গামী গুরুত্বপূর্ণ সড়কের পাশে দিনের পর দিন ময়লার স্তূপ জমে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায় সাধারণ মানুষের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আজ বাধ্য হয়েই সড়ক অবরোধের পথ বেছে নেন তারা।অবরোধের ফলে কিছুক্ষণের মধ্যেই রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন নিত্যযাত্রী, শিক্ষার্থী ও বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহরের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা। তাঁর সঙ্গে উপস্থিত হন ইরানি পুলিশ স্টেশনের অফিসার শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী।বিক্ষোভকারীরা জানান, শুধু গৃহস্থালির বর্জ্য নয়, অনেক সময় মৃত গবাদি পশুও ওই এলাকায় ফেলে রাখা হয়। ফলে দুর্গন্ধে আশপাশের মানুষের বসবাসই দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও পথচারীরা। পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতি এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকরাও।দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আবর্জনা অপসারণ এবং স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।তবে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র আশ্বাসে আর ভরসা নেই। দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে—প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে, নাকি আবারও সমস্যার পাহাড়ের নিচে চাপা পড়বে সাধারণ মানুষের কণ্ঠস্বর?
ময়লার স্তূপে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী! বাবুরবাজার-হীরাছড়া সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি
