জম্পুইজলা ব্লকের দুর্গম গুলিরাই বাড়ি ভিলেজের মুসলিম পাড়ায় চরম অসহায়তার মধ্যে দিন কাটছে ৮০ বছরের মানিক মিয়া ও তাঁর স্ত্রী হেলেনা খাতুনের। হৃদরোগে আক্রান্ত হয়ে গত এক বছর ধরে সম্পূর্ণ প্যারালাইজড অবস্থায় বিছানায় শয্যাশায়ী মানিক মিয়া। হাত-পা অচল স্বামীকে স্নান করানো থেকে শুরু করে ঘরের বাইরে নিয়ে যাওয়া—সব কাজ একাই সামলাচ্ছেন বৃদ্ধা স্ত্রী।দম্পতির কোনও ছেলে সন্তান নেই। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। দু’জনেই বয়স্ক ভাতার দাবিদার হলেও এখনও কারও ভাতা চালু হয়নি বলে অভিযোগ। চিকিৎসার জন্যও হাতে নেই কোনও অর্থ। এমন পরিস্থিতিতে পাড়া-প্রতিবেশী ও স্থানীয় একটি ক্লাবের সাহায্যেই কোনওরকমে দিন কাটছে তাঁদের।এই অসহায় পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে বয়স্ক ভাতা চালু করার আবেদন জানিয়েছেন মানিক মিয়া ও হেলেনা খাতুন। অসুস্থ স্বামীর চিকিৎসা এবং ন্যূনতম জীবনযাপনের জন্য সরকারি সহায়তার আশায় দিন গুনছেন এই বৃদ্ধ দম্পতি। তাঁদের আবেদন, এই দুর্দিনে সরকার যেন তাঁদের পাশে দাঁড়ায়।
অসহায় বৃদ্ধ দম্পতির মুখে দু’বেলা খাবার ও চিকিৎসার চিন্তা, মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন
