আগরতলা: শারদোৎসবের আনন্দে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণের উদ্যোগ নিল রাজ্যের খাদ্য দপ্তর। উৎসবের মরশুমে পরিবারের খরচের চাপ কিছুটা কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।আগরতলার প্রগতি স্কুলের বিপরীতে অবস্থিত ন্যায্যমূল্যের দোকান নম্বর ৬১-এ আয়োজিত কর্মসূচিতে রেশন কার্ডধারীদের হাতে বিনামূল্যে এই খাদ্যসামগ্রী তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে খাদ্য দপ্তরের অধিকর্তা-সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।শারদোৎসবকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। উৎসবের সময় বাড়তি খরচের মধ্যে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা পেয়ে উপকৃত হবেন রেশন কার্ডধারী পরিবারগুলি। এই উদ্যোগে উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের মুখে কিছুটা স্বস্তি ফুটবে বলে আশা করা হচ্ছে।
শারদোৎসবে স্বস্তি, রেশন গ্রাহকদের বিনামূল্যে চিনি-সুজি-ময়দা
