Headlines

আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের পুলিশের অভিযান, ধূপছড়া থেকে আটক চার

এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়িতে রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্তের গতি আরও বাড়াল যাত্রাপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে একের পর এক গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফের রাতের অন্ধকারে ধূপছড়া পাড়ায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ২৯ বছর বয়সি সোনা মানিক ত্রিপুরা, ৩১ বছর বয়সি বজেন্দ্র ত্রিপুরা, ৩৮ বছর বয়সি ভদ্র কুমার ত্রিপুরা এবং ৩৯ বছর বয়সি যাত্রাপদ ত্রিপুরা। চারজনেরই বাড়ি ধূপছড়া পাড়ায়।রবিবার, ১১ অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও টিএসআর জওয়ানরা ধূপছড়া পাড়ায় পৌঁছান। গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান চালানোর পর চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের তৃতীয় দফার ধরপাকড় বলে জানা গেছে।এই ঘটনায় পুলিশের অবস্থান স্পষ্ট করে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে দেখা হচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এই ঘটনায় যাঁদের নামে মামলা রয়েছে, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে আগামী দিনেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়িতে আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এরপর থেকেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ।এদিকে, একের পর এক পুলিশি অভিযানে এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে। ধৃত চারজনকে সোমবার সোনামুড়া আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন ওসি পার্থ নাথ ভৌমিক।আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতেই পুলিশি তৎপরতা জারি রয়েছে। আগামী দিনে এই ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *