Headlines

শিক্ষক মাত্র দুই, পড়ুয়া ৪০! লালছড়া বিদ্যালয়ে বেহাল শিক্ষাব্যবস্থা নিয়ে ডেপুটেশন

একটি ঘরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা একসঙ্গে বসে ক্লাস করছে। কোথাও আবার শিক্ষককেই সামলাতে হচ্ছে পড়াশোনা, ছাত্রছাত্রীদের দেখভাল থেকে শুরু করে বিদ্যালয়ের যাবতীয় দাপ্তরিক কাজ। এমনই এক চিত্র উঠে এসেছে খোয়াইয়ের লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের।দীর্ঘদিনের এই শিক্ষক সংকটের সমাধানের দাবিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগীয় কমিটি। ডেপুটেশন দিতে গিয়ে সংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে পান।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাতঃ বিভাগে প্রায় ৪০ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। তাঁদের মধ্যে একজন প্রায়শই অসুস্থ থাকেন। ফলে কার্যত একজন শিক্ষককেই একসঙ্গে ক্লাস নেওয়া, ছাত্রছাত্রীদের দেখাশোনা এবং বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে।এমনকি জনগণনার কাজে ওই শিক্ষক ব্যস্ত থাকাকালীন নিয়মিত ক্লাসও নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ ওঠে। সংগঠনের দাবি, গত চার-পাঁচ বছর ধরে বিদ্যালয়ে এই গুরুতর শিক্ষক সংকট চলছে। বিষয়টি একাধিকবার বিদ্যালয় পরিদর্শক ও জেলা শিক্ষা আধিকারিকের নজরে আনা হলেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।খোয়াইয়ের অন্যতম পুরনো ও পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রত্যন্ত এলাকার অন্যান্য বিদ্যালয়গুলিতে শিক্ষাব্যবস্থার অবস্থা কী—তা নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠন।অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন-পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, সভানেত্রী সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *