‘সেবা থেকে দেশ সেবা’ এবং ‘২৫ বছর সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মহিলা মোর্চার উদ্যোগে মাতাবাড়ি আইসিডিএস প্রজেক্টের ফুলকুমারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হয় ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মৌসুমী দাস, গোমতী জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং গোমতী জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিপ্লব ঘোষসহ অন্যান্যরা।কর্মসূচিতে গর্ভবতী মায়েদের হাতে তুলে দেওয়া হয় পুষ্টিকর খাদ্যসামগ্রী। পাশাপাশি ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদেরও দেওয়া হয় পুষ্টিকর খাবার। তবে এদিনের আয়োজন শুধু খাদ্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।গর্ভবতী মা ও শিশুদের দৈনন্দিন পুষ্টির চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে সচেতন করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী, প্রসূতি মা এবং শিশুদের জন্য যে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়, সেগুলিও তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে।বক্তাদের কথায়, একটি সুস্থ প্রজন্মের ভিত তৈরি হয় মায়ের গর্ভ থেকেই। তাই গর্ভাবস্থা থেকে শুরু করে শিশুর বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে পুষ্টিকর খাবার, স্বাস্থ্য পরিষেবা এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা জরুরি।আর সেই সচেতনতার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আরও বেশি করে জনসম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয় এদিনের ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচিতে।
মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে শুধু পুষ্টিকর খাবারই নয়, প্রয়োজন সঠিক পরিচর্যা ও সচেতনতা। এই বার্তাকেই সামনে রেখে মাতাবাড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
