সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজার সামনে রক্তের ছাপ দেখে রীতিমতো চমকে ওঠেন বাড়ির মালিক নেপাল দাস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রীনগর থানার অন্তর্গত উত্তর আনন্দনগর বাজার এলাকায়।জানা গেছে, বাড়ির রান্নাঘরের দরজার সামনে প্রথমে রক্তের দাগ দেখতে পান নেপাল দাস। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে আশপাশে খোঁজ শুরু হয়। পরে দেখা যায়, বাড়ির সামনে থেকে রাস্তা ধরে আনন্দনগর বাজারের সবজি সেট পর্যন্ত রক্তের ছাপ রয়েছে।কিন্তু কার রক্ত, কীভাবে বা কোথা থেকে এই রক্তের দাগ এল—তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।খবর পেয়ে শ্রীনগর থানার ওসি, সেকেন্ড ওসি-সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। পরে ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়।রক্তের উৎস ও ঘটনার প্রকৃত কারণ ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে বলে জানা গেছে। রহস্যজনক এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাজুড়ে কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘরের সামনে থেকে বাজার পর্যন্ত রক্তের ছাপ, শ্রীনগরে রহস্য!
