প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। জনসেবার পাশাপাশি পরিবেশ ও পরিচ্ছন্নতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন।রবিবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে দেখা গেল সেই উদ্যোগেরই ছবি। প্রথমে ওয়ার্ড অফিস প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’ আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ করা হয়। নতুন গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা দেওয়া হয়।এরপরই হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ৩১ নম্বর ওয়ার্ড অফিসের পাশের শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে চলে সাফাই অভিযান। মন্দির চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।বৃক্ষরোপণ থেকে পরিচ্ছন্নতা—দুই উদ্যোগের মধ্য দিয়ে এদিন জনসেবার পাশাপাশি পরিবেশ ও স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতার বার্তাই তুলে ধরল বিজেপি।
গাছ লাগিয়ে, ঝাড়ু হাতে স্বচ্ছতার বার্তা বিজেপির
