পরিচ্ছন্নতা শুধু নিজের ঘর কিংবা নিজের আশপাশে সীমাবদ্ধ নয়—পুরো সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। এই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা অভিযানে সামিল হলো উইমেন্স কলেজের NSS ইউনিট।ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর বনমালীপুর এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পালন করেন কলেজের NSS স্বেচ্ছাসেবীরা। এদিন এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি কলেজের হোস্টেলের সামনে এবং আশপাশের বিভিন্ন এলাকায় সাফাই অভিযানেও অংশ নেন স্বেচ্ছাসেবীরা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উইমেন্স কলেজের অধ্যক্ষা সঞ্চিতা রিয়াং।স্বেচ্ছাসেবীদের কথায়, শুধু নিজের পরিচ্ছন্নতার দিকে নজর দিলেই দায়িত্ব শেষ হয় না। নিজের বাড়ির পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের পরিবেশও পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আর এই কাজ সফল করতে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।তাদের আশা, আজকের এই সচেতনতার বার্তা আগামী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়বে। আর সবাই মিলে একটু একটু করে সচেতন হলেই ভবিষ্যতের শিশুরা পেতে পারে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য একটি পৃথিবী।
নিজে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সমাজকেও পরিচ্ছন্ন রাখার বার্তা উইমেন্স কলেজ NSS-এর
