এক মাস ধরে যত্ন করে গড়ে তোলা ফসল। তীব্র গরম আর রোদের মধ্যে দিনের পর দিন পরিশ্রম করে বড় করেছিলেন প্রায় পাঁচ হাজার কপির চারা। আর সেই স্বপ্নই এক রাতের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। ধারালো অস্ত্র দিয়ে কেটে নষ্ট করে দেওয়া হলো সমস্ত চারা।ঘটনাটি সোনামুড়া মহকুমার গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের গরুরবান্দ উত্তরপাড়া এলাকার চরাঞ্চলে।স্থানীয় কৃষক হরিপদ পাল প্রায় এক মাস আগে নিজের জমির এক কোণে পাঁচ হাজারের মতো কপির চারা রোপণ করেছিলেন। চারাগুলি বড় হয়ে ওঠায় মঙ্গলবারই সেগুলি তুলে মূল জমিতে রোপণ করার কথা ছিল। কিন্তু তার আগের রাতেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ক্ষেতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক চারা কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ।সকালে ক্ষেতে গিয়ে দৃশ্যটি চোখে পড়তেই কার্যত ভেঙে পড়েন হরিপদ পাল। তাঁর অভিযোগ, প্রচণ্ড দাবদাহের মধ্যেও রোদে পুড়ে কঠোর পরিশ্রম করে ফসলটি তৈরি করেছিলেন। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে যাবে, তা তিনি কল্পনাও করেননি।কান্নাজড়িত কণ্ঠে কৃষক জানান, এলাকার কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা বিবাদ নেই। তাহলে কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা তাঁর কাছে সম্পূর্ণ অজানা।তবে এই ঘটনা এলাকায় নতুন নয় বলেই জানাচ্ছেন স্থানীয় কৃষকরা। প্রায় দুই বছর আগেও একই এলাকায় এক কৃষকের ঝিঙে ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল। ফের একই ধরনের ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে কৃষক মহলে।ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এক রাতেই শেষ কৃষকের এক মাসের পরিশ্রম, কেটে নষ্ট পাঁচ হাজার কপির চারা
