টানা ১৫ দিন ধরে বাড়িতে পানীয় জল নেই। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এবার আর ঘরে বসে থাকলেন না আমবাসার পূর্ব নালীছড়া পঞ্চায়েতের সোনারাম কুবরা পাড়ার মহিলারা। মঙ্গলবার ক্ষোভে আমবাসা-কমলপুর সড়কের কুলাই স্কুল সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন তাঁরা।অবরোধকারীদের অভিযোগ, জলের মেশিন বিকল হয়ে পড়ার পর থেকেই এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পানীয় জল দপ্তরের কর্মীদের একাধিকবার জানানো হলেও দীর্ঘদিনেও মেলেনি সমাধান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পরে প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা ডিডব্লিউএস-এর এসডিওর সঙ্গে কথা বলেন। দেড় ঘণ্টার মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার আশ্বাস পাওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন মহিলারা।তবে এলাকাবাসীর প্রশ্ন একটাই—প্রতিশ্রুতির জল কবে পৌঁছবে তাঁদের বাড়ির দরজায়?
১৫ দিন ধরে জলের জন্য হাহাকার, অবশেষে পথে সোনারাম কুবরা পাড়ার মহিলারা!
