নেশার বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামি রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বহিরাজ্যের যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ।পুলিশ সূত্রে জানা যায়, থানার ওসি রাজু বৈদ্যর নেতৃত্বে পুলিশ রুটিন ডিউটিতে থাকার সময় স্টেশন এলাকায় দুই যুবকের সন্দেহজনক গতিবিধির খবর পায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উপর নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে।এরপর তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ডি.সি.এম সন্দীপ দেববর্মার উপস্থিতিতে তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ—সবমিলিয়ে ১৯৪ বোতল।উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই এই নেশাজাতীয় সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে এই এসকফ আনা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।আটক দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।রেলপথকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী পাচারের চেষ্টা রুখতে মুঙ্গিয়াকামি থানার এই অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে স্থানীয়রা। পুলিশের দাবি, নেশার বিরুদ্ধে অভিযান এবং নজরদারি আগামী দিনেও আরও জোরদার করা হবে।
রেলস্টেশনেই নেশার কারবারের ছক! মুঙ্গিয়াকামিতে ১৯৪ বোতল এসকফসহ আটক দুই যুবক
