ক্রীড়া প্রতিনিধি, আগরতলা: শক্তি, সাহস আর আত্মবিশ্বাসের দারুণ প্রদর্শনে জমে উঠল পশ্চিম জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। রবিবার কৃষ্ণনগর সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে দিনভর চলে এই প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে ছিল উৎসবের আমেজ।সকালে প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, রাজ্য সংস্থার সচিব নারায়ণ দেবনাথ এবং ত্রিপুরা ভারোত্তোলন সংস্থার সচিব দুলাল কর্মকার। তাঁদের উপস্থিতিতে প্রতিযোগীদের উৎসাহ আরও বেড়ে যায়।বিভিন্ন বয়স ও ওজন বিভাগে প্রতিযোগীরা নিজেদের সেরাটা তুলে ধরেন। জুনিয়র বিভাগে ৫২ কেজিতে রোহিত দেবনাথ, ৫৯ কেজিতে অভিজিৎ দে, ৬৬ কেজিতে রূপক দেব, ৭৪ কেজিতে জয় পাল, ৮৩ কেজিতে সম্রাট শাহ, ৯৩ কেজিতে অঙ্কন দে এবং ৯৩ কেজির ঊর্ধ্বে সন্দীপ দত্ত প্রথম হন।সিনিয়র পুরুষ বিভাগে ৫৯ কেজিতে রজত কুমার দাস, ৬৬ কেজিতে অনীশ চক্রবর্তী, ৭৪ কেজিতে অমরজিৎ দাস, ৮৩ কেজিতে গোপাল বণিক এবং ৯৩ কেজিতে রোহিত ভৌমিক সেরা হন।মহিলা ও বালিকা বিভাগেও প্রতিযোগীদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সাব-জুনিয়র বালিকা বিভাগে সিমরন আক্তার, বৃষ্টি উড়াই ও প্রিয়াঙ্কা ঘোষ নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। জুনিয়র বালিকাদের মধ্যে ৫৭ কেজি বিভাগে সেরা হন উর্বশী সাহা। সিনিয়র মহিলা বিভাগে ৬২ কেজিতে সুরভী কর এবং ৬৯ কেজিতে তনুশ্রী পাল প্রথম হন।বালক বিভাগে ৫৩ কেজিতে রাহুল দেবনাথ, ৫৯ কেজিতে দেবরাজ দেববর্মা, ৬৬ কেজিতে সুদীপ্ত দাস ও রানেল দাস নিজেদের বিভাগে সেরা হন।তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সিনিয়র পুরুষদের সামগ্রিক লড়াই। দুর্দান্ত শক্তি ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে অমরজিৎ দাস ছিনিয়ে নেন ‘Overall Strong Man of West District’-এর সম্মান।প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রাও।আয়োজকদের আশা, এই ধরনের প্রতিযোগিতা আগামী দিনে জেলার তরুণদের পাওয়ার লিফটিংয়ের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং রাজ্যের হয়ে নতুন প্রতিভা উঠে আসার পথ তৈরি করবে।
পশ্চিম জেলা পাওয়ার লিফটিংয়ে অমরজিৎ দাসের বাজিমাত, ‘স্ট্রং ম্যান’ খেতাব
