সোনামুড়া: জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক আবহ সোনামুড়ায়। ঘটনার প্রতিবাদে সোমবার DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শহরে বের হয় প্রতিবাদ মিছিল।CPI(M) সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে সংগঠনের পতাকা হাতে নিয়ে মিছিল শুরু করেন DYFI কর্মী-সমর্থকরা। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি রবীন্দ্রচৌমুহনীতে গিয়ে শেষ হয়।DYFI-এর অভিযোগ, কলমচৌড়া ও নলছড়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় CPI(M) কর্মীদের বাধা দেওয়া হয়েছে। একইভাবে ঢুকলি এলাকায় DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরও বিজেপি কর্মীদের বাধায় বন্ধ হয়ে যায় বলে অভিযোগ সংগঠনের।মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা বলেন, জাতীয় পতাকা উত্তোলন কিংবা মানুষের জীবন বাঁচাতে রক্তদান—দুটির ক্ষেত্রেই যদি বাধার মুখে পড়তে হয়, তাহলে রাজ্যে আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠে।তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে এভাবে CPI(M) ও DYFI কর্মীদের আটকানো যাবে না। গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।প্রতিবাদ মিছিলে DYFI-এর কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ, সোনামুড়ায় DYFI-এর প্রতিবাদ
