চিকিৎসার আশায় জেলা হাসপাতালে এসে ভর্তি হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসকের অপেক্ষায় থাকতে হচ্ছে রোগীদের—কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালকে ঘিরে এমনই গুরুতর অভিযোগ সামনে এসেছে। রোগী ও তাঁদের পরিবারের দাবি, অনেক ক্ষেত্রে ৬ থেকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও মেডিসিন বিভাগের চিকিৎসক রোগীদের দেখতে আসছেন না।পেচারতলের জহর নবোদয় বিদ্যালয়ের ১৩ বছরের এক নাবালিকাকে বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হলেও পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও কোনো মেডিসিন বিশেষজ্ঞ তাকে দেখতে আসেননি।একই অভিযোগ উঠেছে ৮০ বছরের এক বৃদ্ধাকে ঘিরেও। ভোরে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পরও কোনো মেডিসিন বিশেষজ্ঞ তাঁকে দেখতে আসেননি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিজনরা।হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডা. রোহন পাল চিকিৎসক সংকটের কথা স্বীকার করেছেন। তিনি জানান, মেডিসিন বিভাগের তিন বিশেষজ্ঞের মধ্যে একজন উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন, একজন পারিবারিক কারণে ছুটিতে এবং অপরজন দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছেন। বিষয়টি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।চিকিৎসক সংকটে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ করে জেলা হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার দাবি উঠেছে।
হাসপাতালে ভর্তি হয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চিকিৎসক সংকটে ঊনকোটি জেলা হাসপাতালে ক্ষোভ
