Headlines

৯০ পড়ুয়ার স্কুলে শিক্ষক মাত্র ২! তেল কাজলায় পঠনপাঠন নিয়ে উদ্বেগ

মেলাঘরের তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯০ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। ফলে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস সামলাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠনপাঠন—এমনই অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের।একসময় এই বিদ্যালয়টি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়ার সংখ্যা যেমন ছিল বেশি, তেমনই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকাও ছিলেন। নিয়মিত ক্লাস এবং সুন্দর শিক্ষার পরিবেশ ছিল স্কুলজুড়ে।কিন্তু বর্তমানে ছবিটা অনেকটাই বদলে গেছে। শিক্ষক সংকটের কারণে সব শ্রেণিতে নিয়মিত ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ছোট ছোট পড়ুয়াদের মধ্যে।অভিভাবকদের বক্তব্য, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনও আপস করা যায় না। তাই দ্রুত তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে। তাঁদের আশঙ্কা, সমস্যার দ্রুত সমাধান না হলে এর প্রভাব পড়বে পড়ুয়াদের ভবিষ্যতের ওপর।এলাকাবাসীর প্রশ্ন, শিক্ষার পরিকাঠামো নিয়ে নানা উদ্যোগের কথা বলা হলেও একটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিশ্চিত করা যাচ্ছে না কেন? এখন শিক্ষা দপ্তর এই সমস্যার সমাধানে কত দ্রুত পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন পড়ুয়া, অভিভাবক ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *