Headlines

ভবিষ্যৎ গড়ার স্কুলেই মাটিতে বসে ক্লাস! ১১ পড়ুয়ার জন্যও নেই ন্যূনতম পরিকাঠামো

জম্পুইজলা, ৮ আগস্ট: স্কুল মানেই শিশুদের স্বপ্ন দেখার জায়গা। কিন্তু সেই স্কুলেই যদি ক্লাসরুমের অভাবে মাটিতে বসে পড়াশোনা করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে পরিকাঠামো নিয়ে। এমনই এক চিত্র দেখা যাচ্ছে জম্পুইজলা সাব-ডিভিশনের শিবঠাকুরপাড়া জে বি স্কুলে।বর্তমানে এই স্কুলে পড়ুয়া মাত্র ১১ জন। তাঁদের পড়াশোনার দায়িত্বে রয়েছেন চারজন শিক্ষক। সংখ্যাটা কম হলেও সমস্যার যেন শেষ নেই। পর্যাপ্ত ক্লাসরুম নেই, নেই সঠিক বাউন্ডারি। তার সঙ্গে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও।প্রতিদিন স্কুলে এসে পড়ুয়াদের মাটিতে বসেই ক্লাস করতে হচ্ছে বলে অভিযোগ। ছোট ছোট শিশুদের এভাবে পড়াশোনা করতে দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিভাবকরাও।স্থানীয়দের অভিযোগ, স্কুলের সমস্যাগুলি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানানো হয়েছে। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।অভিভাবকদের প্রশ্ন, পড়ুয়ার সংখ্যা কম বলেই কি তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হবে? একটি শিশুর শিক্ষার পরিবেশ তৈরিতে ন্যূনতম পরিকাঠামো কি নিশ্চিত করা যায় না?এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত স্কুলটি পরিদর্শন করা হোক। ক্লাসরুম, নিরাপদ বাউন্ডারি এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা হোক।কারণ আজকের এই ১১ জন পড়ুয়াই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদের স্বপ্ন যেন পরিকাঠামোর অভাবে থমকে না যায়—এটাই এখন অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *