আগরতলা, ৮ আগস্ট: রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। প্রয়াত হলেন ত্রিপুরার প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন স্তরে।১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌরী ভট্টাচার্য। রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা ত্রিপুরার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।তাঁর মরদেহ এদিন নিয়ে আসা হয় ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে। সেখানে দলমত নির্বিশেষে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বর্তমান বিধায়ক ও মন্ত্রীরা।বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিংকু রায়, সান্তনা চাকমা এবং বাম বিধায়ক নয়ন সরকার, সুদীপ সরকার, দীপঙ্কর সেনসহ অন্যান্য জনপ্রতিনিধিরা প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শেষ শ্রদ্ধা জানাতে এসে অনেকের চোখেমুখেই ছিল আবেগ ও শোকের ছাপ। রাজনৈতিক জীবনে তাঁর অবদান এবং একজন নারী হিসেবে ত্রিপুরার বিধানসভায় পথচলার ঐতিহাসিক দিকটি স্মরণ করেন উপস্থিতরা।দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন প্রাক্তন জনপ্রতিনিধিকে শেষ শ্রদ্ধা জানানোর এই মুহূর্তে যেন স্পষ্ট হয়ে উঠল তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি সম্মান।গৌরী ভট্টাচার্যের প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। তাঁর অবদান ও স্মৃতি আগামী দিনেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
প্রথম মহিলা বিধায়িকাকে শেষ শ্রদ্ধা, বিধানসভা প্রাঙ্গণে নেমে এল শোকের ছায়া
